পলিসিস্টিক ওভারি সিনড্রোম

পলিসিস্টিক ওভারি সিনড্রোম

পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) হলো নারীদের এক ধরনের হরমোনাল অসামঞ্জস্যতা। এর ফলে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন হ্রাস পায় এবং অ্যান্ড্রোজেন (পুরুষ হরমোন) বৃদ্ধি পায়। নারীদের প্রজনন সময়কালে মূলত এ ধরনের সমস্যা বেশি হয়ে থাকে। তবে ১৫ থেকে ৪৫ বছরের মধ্যে রোগটি বেশি হয়।

পলিসিস্টিক ওভারি সিনড্রোম

পলিসিস্টিক ওভারি সিনড্রোম লক্ষণ

►     অনিয়মিত অথবা দীর্ঘকালীন ঋতুস্রাব ও দীর্ঘকালীন মাসিক রক্তক্ষরণ।

►     ওজনাধিক্য বা মুটিয়ে যাওয়া (৮০ শতাংশ বা তার অধিক ক্ষেত্রে)।

►     অতিরিক্ত অ্যান্ড্রোজেন (পুরুষ হরমোন) নিঃসরণ।

►     ওভারিতে ক্ষুদ ক্ষুদ্র বীজকোষ বা গ্রন্থিকোষের সৃষ্টি হয়, যা দেহে অপ্রয়োজনীয় তরল বহন করে এবং ডিম্বাণু নিঃসরণে বাধা প্রদান করে।

►     ব্রণ, আঁচিল। মুখ, গলা, বুক, পিঠে অবাঞ্ছিত লোম।

►     ত্বকের বিভিন্ন অংশ যেমন—গলা, ঘাড়, স্তন ও বগলে কালচে ভাব।

►     চুল পড়ে পাতলা হয়ে যাওয়া ইত্যাদি।

পিসিওএস কারণ

জেনেটিক : এই রোগের নির্দিষ্ট কোনো কারণ না থাকলেও কিছু কারণকে দায়ী করা হয়। এর মধ্যে অন্যতম জেনেটিক বা বংশগত। পরিবারের কোনো সদস্যের, বিশেষ করে মা অথবা বোনের এই রোগ থাকলে তাদের ক্ষেত্রে ঝুঁকি কিছু বেশি থাকে।

ইনসুলিন রেসিস্ট্যান্স : ইনসুলিন এক প্রকার হরমোন, যা দেহেই উৎপন্ন হয়। প্রতিদিনের কার্বোহাইড্রেট বা শর্করাজাতীয় খাবার শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে এই ইনসুলিন। কিন্তু যখন দেহের কোষগুলো ইনসুলিনকে যথাযথভাবে কাজে লাগাতে পারে না, তখন দেহে ইনসুলিনের চাহিদা আরো বৃদ্ধি পায়। ইনসুলিন ক্ষরণ বৃদ্ধি পেলে তা অ্যান্ড্রোজেনের (পুরুষ হরমোন) উৎপাদন বাড়িয়ে দেয়। দেখা গেছে, ৭০ শতাংশ নারীরই পিসিওএস ইনসুলিন রেসিস্ট্যান্ট।

যেসব জটিলতা হতে পারে

প্রজনন সমস্যা : গর্ভধারণের জন্য প্রয়োজন ওভুলেশন (ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণের প্রক্রিয়া)। যেসব নারীর অতিরিক্ত মাত্রায় পুরুষ হরমোন নিঃসৃত হয়, তাদের ওভুলেশনচক্র ব্যাহত হয়।

মেটাবলিক সিনড্রোম : পিসিওএসে আক্রান্ত হওয়ার দরুন ৮০ শতাংশের অধিক নারী মুটিয়ে যাওয়া বা স্থূলতায় ভোগেন। ফলে উচ্চ রক্তচাপ, গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পাওয়া থেকে শুরু করে এলডিএলের মাত্রা বেড়ে যাওয়া এবং এইচডিএলের মাত্রা কমে যাওয়াজনিত নানা সমস্যা হতে পারে।

ক্যান্সার : প্রতি মাসে ওভুলেশন না হওয়ার কারণে ইউটেরাসের সংযোগে এপিথেলিয়ামের পুরুত্ব বেড়ে যায়। ফলে ইউটেরাসে ক্যান্সার ও স্তন ক্যান্সার হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।

নিদ্রাহীনতা, বিষণ্নতা : দুশ্চিন্তা, অতি উদ্বেগ এবং অতিরিক্ত মানসিক চাপ বেড়ে যেতে পারে। নিদ্রাহীনতা হতে পারে।

শনাক্তের উপায়

তিনটি প্রধান লক্ষণের ওপর ভিত্তি করে চিকিৎসকরা রোগীর দেহে পিসিওএসের উপস্থিতি শনাক্ত করতে পারেন। এগুলো হলো—অধিক অ্যান্ড্রোজেন হরমোন লেভেল, অনিয়মিত মাসিকচক্র এবং ওভারিতে সিস্ট, যা আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে খুব সহজেই শনাক্ত করা যায়।

এ ছাড়া মুখ, বুক ও পিঠে ব্রণ, অবাঞ্ছিত লোম, স্থূলতা, অতিরিক্ত চুল পড়ার প্রবণতা ইত্যাদি লক্ষণ দেখেও চিকিৎসকরা পিসিওএস সন্দেহ করেন।

প্রতিরোধে করণীয়

সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার মান বৃদ্ধি : পিসিওএসের জটিলতা নিরসণে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার মান বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি সঠিক ও সুষম খাবার খাওয়া উািচত। অস্বাস্থ্যকর বা খোলা খাবার এড়িয়ে চলতে হবে। দুগ্ধজাত ও চিনিযুক্ত খাবার যত সম্ভব কম খাওয়াই ভালো।

কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণ : কার্বোহাইড্রেটজাতীয় খাবার কম খেলে দেহের ওজনের সমতা বজায় থাকে। তখন ইনসুলিনের মাত্রা কমে যায়। লো-গ্লাইকেমিক ইনডেক্স ডায়েট (ফলমূল, শাকসবজি ও শস্য থেকে যেসব কার্বোহাইড্রেট পাওয়া যায়) মেনে চললে ঋতুস্রাবচক্রে সাহায্য করে। ভালো হয় একজন দক্ষ পুষ্টিবিদের শরণাপন্ন হয়ে পরিপূর্ণ খাদ্যতালিকা মেনে চলতে পারলে।

ওজন নিয়ন্ত্রণ : সঠিক মাত্রার ওজন বজায় রাখলে ঋতুচক্র স্বাভাবিক থাকে। অতিরিক্ত ওজন কমালে কোলেস্টেরল ও ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। তখন হার্টের সমস্যা, ডায়াবেটিস ও স্ট্রোকের ঝুঁকি কমে যায়।

কায়িক শ্রম বা ব্যায়াম : সপ্তাহে কমপক্ষে তিন-চার দিন ব্যায়াম করলে ডিম্বচক্রের যথেষ্ট উন্নতি হয়। এতে সঠিক ওজন বজায় থাকে এবং ইনসুলিনের মাত্রা হ্রাস পায়, পিসিওএসের ঝুঁকিও হ্রাস পায়।

অবাঞ্ছিত লোম অপসারণ : অবাঞ্ছিত লোম অপসারণের একমাত্র উপায় হচ্ছে লেজার হেয়ার রিমুভাল। কোনোভাবেই অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে হেয়ার রিমুভ করা উচিত নয়। এতে ত্বকের ক্ষতি হতে পারে। একজন অভিজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে উন্নতমানের লেজার হেয়ার রিমুভাল ডিভাইসের মাধ্যমে চিকিৎসা হতে পারে।

পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) চিকিৎসা

সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগটি শনাক্ত করতে পারলে পিসিওএস এবং এর জটিলতা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

সূত্রঃ কালের কণ্ঠ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *